সরকারকে বিকল্প জ্বালানি উৎস খুঁজতে হবে: জামায়াত আমির
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৯:০৩ পিএম
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাম্প্রতিক বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির প্রভাব বাংলাদেশেও পড়তে শুরু করেছে এবং এর ফলে দেশে জ্বালানি সংকট তীব্র হয়ে উঠছে। বর্তমান পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে সামাজিক ও অর্থনৈতিক জীবনে এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান জানান, এমন পরিস্থিতি মোকাবিলায় সরকারকে দ্রুত বিকল্প জ্বালানি উৎস খুঁজে বের করতে হবে এবং বাস্তবসম্মত সমাধান গ্রহণে জরুরি উদ্যোগ নিতে হবে।
তিনি আরও বলেন, এই সংকটের সুযোগ নিয়ে যেন নতুন কোনো সিন্ডিকেট গড়ে উঠতে না পারে, সে বিষয়ে সরকারকে কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
এছাড়া দুর্যোগপূর্ণ এই সময়ে দেশের কোথাও থেকে যেন জ্বালানি পাচার না হয়, সে জন্য কঠোর নিরাপত্তা ও নজরদারি নিশ্চিত করার আহ্বানও জানান তিনি।