উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১১:৪৭ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সবকিছু ঠিক থাকলে রোববার তাকে সিঙ্গাপুরে নেওয়া হতে পারে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার বেলা ১১টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। তার সঙ্গে সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং তাদের জ্যেষ্ঠ সন্তান মির্জা ইয়াসির আব্বাস যাওয়ার কথা রয়েছে।
এদিকে শুক্রবার মস্তিষ্কে দুই দফা অস্ত্রোপচারের পর মির্জা আব্বাসকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। শনিবার সকালে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়। পরীক্ষার ফল ভালো এসেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এর আগে গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সন্ধ্যায় তাকে সিঙ্গাপুর নেওয়ার পরিকল্পনা থাকলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দেশে থেকেই জরুরি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।