মিরপুরে ঈদের নামাজ পড়লেন জামায়াত আমির
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ০১:৪৫ পিএম
রাজধানীর মিরপুরে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
শনিবার সকালে মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের মূল বালিকা ক্যাম্পাস মাঠে আয়োজিত ঈদের জামাতে অংশ নেন তিনি।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই মিরপুর ও আশপাশের এলাকা থেকে মুসল্লিরা ঈদের নামাজ আদায়ের জন্য মনিপুর স্কুল মাঠে ভিড় করেন। বিরোধীদলীয় নেতার আগমনকে কেন্দ্র করে এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
নামাজ শেষে খুতবা পাঠ করা হয়। এরপর দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন ডা. শফিকুর রহমান।
মোনাজাত শেষে তিনি উপস্থিত মুসল্লিদের সঙ্গে কোলাকুলি করেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় তার সঙ্গে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।