আমাকে নিয়ে অসংখ্য নোংরা ছবি বানানো হয়েছে: মাহমুদা মিতু

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৫১ পিএম

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা আলম মিতু অভিযোগ করেছেন, তাকে ও অন্য নারীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নোংরা ছবি বানিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।

শুক্রবার দুপুরে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সমাজে যখন খারাপ প্রবণতা বা “ভাইরাস” ছড়িয়ে পড়ে, তা ধীরে ধীরে সাধারণ মানুষের ঘর পেরিয়ে গুরুত্বপূর্ণ জায়গায় পর্যন্ত পৌঁছে যায়। তিনি উল্লেখ করেন, জাইমা নামের এক নারীকে নিয়েও একই ধরনের অপপ্রচার চালানো হচ্ছে, যা অত্যন্ত কষ্টদায়ক ও অপমানজনক।

মাহমুদা আলম মিতু বলেন, রাজনীতিতে নতুন আসার পর থেকেই তিনি বুলিংয়ের শিকার হচ্ছেন এবং তার বিরুদ্ধে নানাভাবে নোংরা ছবি তৈরি করা হয়েছে। এমনকি শারীরিক হামলার ঘটনাও ঘটেছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, এখন সেই একই অসুস্থ সংস্কৃতি অন্য নারীদের ওপরও ছড়িয়ে পড়ছে। তার দাবি অনুযায়ী, একটি রাজনৈতিক দলের সাইবার ইউনিটের কিছু দায়িত্বশীল ব্যক্তি একত্র হয়ে এসব ছবি ছড়িয়ে দিচ্ছে এবং সমন্বিতভাবে অনলাইনে প্রচার চালাচ্ছে।

মিতু প্রশ্ন তোলেন, এসব সাইবার বুলিংয়ের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কেন স্পষ্ট অবস্থান নেওয়া হচ্ছে না। তিনি মনে করেন, এ ধরনের নোংরামি সমাজে স্বাভাবিক হয়ে গেলে ভবিষ্যতে কেউই নিরাপদ থাকবে না, বিশেষ করে নারীরা ও শিশুদের জন্য এটি বড় ঝুঁকি তৈরি করবে।

তিনি সাধারণ মানুষের উদ্দেশে বলেন, এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ করা জরুরি, না হলে ভবিষ্যতে আরও অনেকেই এর শিকার হবে।

এছাড়া তিনি জানান, সাইবার বুলিং প্রতিরোধে তিনি একটি উদ্যোগ নিতে চান এবং দেশের প্রতিটি উপজেলা থেকে প্রতিনিধি টিম গঠন করার পরিকল্পনা রয়েছে। এটি সম্পূর্ণ অরাজনৈতিক উদ্যোগ হবে বলেও তিনি উল্লেখ করেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970