যারা শহীদদের সঙ্গে গাদ্দারি করবে, তারা ধুলোয় মিশে যাবে: ডাকসুর ভিপি

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১২:০৫ পিএম

ছবি: সংগৃহীত

জুলাইয়ের শহীদদের সঙ্গে যারা প্রতারণা করবে, তাদের কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি সাদিক কায়েম। তিনি বলেন, যারা শহীদদের সঙ্গে গাদ্দারি করবে, তারা ধুলোর সঙ্গে মিশে যাবে।

শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আয়োজিত এ সমাবেশে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপির সমালোচনা করে সাদিক কায়েম বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, সেই বাস্তবতাকে অস্বীকার করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, অতীতেও বিভিন্ন সময় এ দলটি জনগণের সঙ্গে প্রতারণা করেছে।

তিনি বলেন, ১৯৭৫ সালের বিপ্লবের সুফল ভোগ করেও বিপ্লবীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। একইভাবে ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের পরও সেই ধারাবাহিকতা বজায় ছিল। সাম্প্রতিক জুলাইয়ের আন্দোলন নিয়েও একই আচরণ দেখা যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

বিএনপিকে সতর্ক করে তিনি বলেন, যে মাটিতে শহীদদের রক্ত ঝরেছে, সেখানে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবেই। যারা শহীদদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে, তাদের পরিণতি কঠোর হবে।

ছাত্রদলের সমালোচনা করে তিনি আরও বলেন, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আবারও সহিংস পরিবেশ তৈরির চেষ্টা চলছে। অতীতের মতো গেস্টরুম ও গণরুম সংস্কৃতি ফিরিয়ে আনার অভিযোগ তুলে তিনি বলেন, শিক্ষার্থীদের ভয়ভীতি দেখিয়ে রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সাদিক কায়েম বলেন, ক্ষমতায় এসে ইচ্ছামতো সিদ্ধান্ত নেওয়া, জুলাই সনদ বা গণভোট অস্বীকার করা কিংবা বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না। তিনি স্পষ্ট করে বলেন, দেশে কোনোভাবেই ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970