আমার গর্ব লাগে যে, আমার নেতা নাহিদ ইসলাম: ডা. মাহমুদা মিতু
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০১:০৪ এএম
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা ও জাতীয় নারীশক্তির সদস্যসচিব ডা. মাহমুদা আলম মিতু দলের আহ্বায়ক নাহিদ ইসলামের জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানিয়ে তার নেতৃত্বগুণের প্রশংসা করেছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, একজন নেতার যে শিক্ষা, বিচক্ষণতা, বাচনভঙ্গি, পরিপক্বতা ও মানদণ্ড প্রয়োজন, সেসব গুণ খুব অল্প বয়সেই নাহিদ ইসলামের মধ্যে দেখা গেছে। তিনি উল্লেখ করেন, দেশের রাজনৈতিক নেতাদের নিয়ে একসময় তরুণ সমাজের মধ্যে সংকোচ ও লজ্জা কাজ করত, কারণ অনেক নেতার বক্তব্য ও আচরণ ছিল অগোছালো ও বিব্রতকর।
ডা. মাহমুদা মিতু বলেন, নাহিদ ইসলামের কথা বলার ধরন, আচরণ ও উপস্থাপনা তাকে অন্যদের থেকে আলাদা করেছে। তার মতে, এসব দিক থেকে তিনি অনেক জ্যেষ্ঠ নেতাকেও ছাড়িয়ে গেছেন। এ কারণেই তার মতো একজন নেতাকে পেয়ে তিনি গর্ববোধ করেন।
তিনি আরও জানান, শুরু থেকেই দলের মূল লক্ষ্য রাষ্ট্র সংস্কার। তার বিশ্বাস, নাহিদ ইসলামের নেতৃত্বে দেশের তরুণদের স্বপ্ন ও নতুন রাজনৈতিক ব্যবস্থার ধারণা বাস্তবায়নের পথে এগিয়ে যাবে দলটি।
ডা. মিতু বলেন, দলটি সবসময় সংস্কারের পক্ষে থাকা শক্তির সঙ্গে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি আশা প্রকাশ করেন, নাহিদ ইসলামের নেতৃত্বেই দেশের মানুষ, তরুণ সমাজ এবং জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে এবং কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কার সম্পন্ন হবে।