এনসিপিতে যোগ দিলেন জামায়াতের সাবেক আমিরের ছেলে
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৮:০০ পিএম
জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছেন জামায়াতের প্রয়াত সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে ড. মো. নাদিমুর রহমান। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও দলটিতে যোগ দিয়েছেন।
মঙ্গলবার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নাদিমুর রহমান তুরস্ক থেকে ভার্চুয়ালি এই প্রক্রিয়ায় যুক্ত হন। তার রাজনৈতিক অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
ড. নাদিমুর রহমান ছাড়াও ফরায়েজি আন্দোলনের নেতা হাজী শরীয়তুল্লাহর বংশধর আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন এবং গাজীপুরের শিক্ষানুরাগী এবিএস আরিফও দলটিতে যোগ দিয়েছেন।
এছাড়া জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে গঠিত ‘ওয়ারিয়র্স অব জুলাই’ সংগঠনের শীর্ষ নেতারাও নতুন এই রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সভাপতি মো. সালমান হোসেন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান জিসান এবং সহ-সভাপতি মো. আতিকুল ইসলাম গাজীসহ অন্যান্য নেতারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মুখ্য সংগঠক সারজিস আলম এবং নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ প্রমুখ।