বিএনপির অনেক নেতাকর্মী আমাদের সঙ্গে যোগাযোগ করছেন: হাসনাত আবদুল্লাহ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৮:৪৯ পিএম
জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা–৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিএনপি বর্তমানে আওয়ামী লীগের দ্বারা হাইজ্যাক হয়ে গেছে। তার দাবি, বিএনপির অসংখ্য নেতাকর্মী এখন তাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং দুঃখ প্রকাশ করছেন।
বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি হলে জাতীয় নাগরিক পার্টিতে নতুন সদস্য যোগদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম।
হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপির অনেক নেতাকর্মী দীর্ঘ ১৭ বছর ধরে অর্থ ও শ্রম দিয়ে দলকে ধরে রেখেছেন এবং কারাবরণও করেছেন। কিন্তু বর্তমানে দলটি তার মূল অবস্থান থেকে সরে গেছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, সরকারে এসে বিএনপি সংস্কারবিরোধী অবস্থান নিয়েছে। তার দাবি অনুযায়ী, শহীদ ওয়াসিম, আবু সাঈদ ও মুগ্ধদের রক্তের লক্ষ্য থেকে দলটি সরে যাচ্ছে। নতুন বাংলাদেশের স্বপ্ন ও নেতাকর্মীদের আকাঙ্ক্ষা থেকে বিএনপি অনেক দূরে চলে গেছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, বর্তমানে নীরবে একটি পরিবর্তন ঘটছে। বিএনপির অনেক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিতে আগ্রহী হলেও সামাজিক কারণে তারা তা প্রকাশ করতে পারছেন না।
হাসনাত আবদুল্লাহ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিএনপির সাধারণ নেতাকর্মীদের কাছে গিয়ে জাতীয় নাগরিক পার্টির বার্তা পৌঁছে দিতে হবে। তার মতে, যারা ক্ষমতাকে কুক্ষিগত করেছে তারা বাংলাদেশপন্থা, সংস্কার এবং শহীদদের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তবে বিএনপির অনেক সাধারণ কর্মী এখনও সেই চেতনার সঙ্গে যুক্ত আছেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকার। তিনি বলেন, বিএনপির নেতারা জুলাই আন্দোলনের রক্তের ওপর ভর করে ক্ষমতায় এসেছেন এবং ক্ষমতায় আসার পর থেকেই তারা সেই আন্দোলনের সঙ্গে প্রতারণা করছেন।
তিনি বিএনপি নেতাদের সতর্ক করে বলেন, জুলাই আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা ঠিক হবে না। তিনি আরও বলেন, অতীতের রাজনৈতিক পরিস্থিতির কারণে এখন কারও জন্যই নিরাপদ আশ্রয়ের নিশ্চয়তা নেই, তাই ভবিষ্যৎ সিদ্ধান্ত সতর্কভাবে নেওয়া উচিত।