বিএনপির সাংগঠনিক সভা আজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ১১:৪৫ এএম

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর প্রথমবারের মতো দলের তৃণমূল পর্যায়ের নেতাদের নিয়ে মতবিনিময় সভা করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। দিনব্যাপী এই সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার সকাল ১০টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এই সভা শুরু হওয়ার কথা রয়েছে। দীর্ঘ পাঁচ মাসেরও বেশি সময় পর এই আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কর্মকাণ্ডে ফিরছে টানা তৃতীয় মেয়াদে রাষ্ট্রক্ষমতায় থাকা দলটি।

গতকাল শুক্রবার বিকেলে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি জানান, সভায় দলটির পাশাপাশি তিনটি অঙ্গসংগঠন যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেবেন।

রুহুল কবীর রিজভী সাংবাদিকদের বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে রাষ্ট্র পরিচালনা এবং দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই সভার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যান তারেক রহমান তৃণমূল নেতাদের দিকনির্দেশনা দেবেন।

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন। সরকারের কর্মকাণ্ডের পাশাপাশি তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কাঠামো আরও সুসংহত করাই এই সভার মূল উদ্দেশ্য বলে জানা গেছে।

মতবিনিময় সভায় সারা দেশের জেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেবেন। তারা সাংগঠনিক কার্যক্রম ও সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে মতামত তুলে ধরবেন। পাশাপাশি সরকারের নেওয়া সাম্প্রতিক পদক্ষেপ ও চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট নেতারা বিস্তারিত তথ্য উপস্থাপন করবেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970