সীমান্ত হত্যা বন্ধের দাবিতে রাজধানীতে খেলাফত মজলিসের বিক্ষোভ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ মে ২০২৬, ১১:২১ পিএম
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস। শুক্রবার (১৫ মে) জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে মিছিলটি বের হয়ে বিজয়নগর পানির ট্যাংকির সামনে গিয়ে শেষ হয়।
পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের গুলি করে হত্যা করে বিএসএফ বারবার আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করছে। দীর্ঘদিন সীমান্ত হত্যা বন্ধ থাকার পর ভারত আবারও এমন কর্মকাণ্ড শুরু করে বাংলাদেশকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, ভারতের এ ধরনের অপ্রতিবেশীসুলভ আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় খেলাফত মজলিস। একই সঙ্গে অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ এবং নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তিনি।
ড. আহমদ আবদুল কাদের আরও বলেন, ভারতের ভেতরে সংখ্যালঘু মুসলমানদের ওপর নির্যাতন-নিপীড়ন বন্ধ করতে হবে। পাশাপাশি আধিপত্যবাদী মনোভাব পরিহার করে বাংলাদেশের সঙ্গে প্রতিবেশীসুলভ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান তিনি।
তিনি অভিযোগ করে বলেন, গত এক সপ্তাহে ব্রাহ্মণবাড়িয়া ও লালমনিরহাট সীমান্তে তিন বাংলাদেশি নিহত হলেও ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে এখনো তলব করেনি পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ঘটনায় দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকারের সভাপতিত্বে এবং মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আবুল হোসেনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।