হেফাজত–জামায়াত দ্বন্দ্বে চার দলের অবস্থান নিয়ে রাজনৈতিক অস্থিরতা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ১১:৩২ পিএম

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট থেকে বের হয়ে যেতে ধর্মভিত্তিক চারটি দলকে চাপ দিচ্ছে হেফাজতে ইসলাম। নির্বাচনের পরও এ চাপ অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট দলগুলোর শীর্ষ নেতারা জানিয়েছেন। তাদেরকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে জামায়াতের জোট বা হেফাজতে ইসলাম, যে কোনো একটি অবস্থান বেছে নিতে হবে।

তবে চারটি দলই দুই জায়গায় অবস্থান ধরে রাখতে চায়। তাদের যুক্তি, বিএনপির সঙ্গে থাকা কওমি মাদ্রাসাভিত্তিক কিছু দল একই সঙ্গে রাজনৈতিক জোট ও হেফাজত দুই জায়গাতেই সক্রিয় থাকতে পারলে তাদের ক্ষেত্রেও একই সুযোগ থাকা উচিত।

জানা গেছে, হেফাজত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব সাজিদুর রহমান জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা সাইয়েদ আবুল আ’লা মওদুদীর মতবাদকে ভ্রান্ত আখ্যা দিয়ে আসছেন। এমনকি জামায়াতকে ইসলামবিরোধী দল উল্লেখ করে তাদের ভোট না দেওয়ার আহ্বানও জানানো হয়েছিল। হেফাজত আমির একসময় জামায়াত জোটকে ভোট দেওয়া হারাম বলেও ফতোয়া দেন।

অন্যদিকে হেফাজতের ঘনিষ্ঠ কয়েকটি দল—বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন এবং নেজামে ইসলাম পার্টি—জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে যুক্ত রয়েছে। এসব দলের শীর্ষ নেতাদের অনেকে আবার হেফাজতের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও আছেন।

তবে হেফাজতের সঙ্গে সংশ্লিষ্ট জমিয়ত উলামায়ে ইসলামসহ কিছু দল বিএনপির সঙ্গে জোট বা সমঝোতায় রয়েছে। তাদের ওপর আলাদা কোনো চাপ না থাকলেও জামায়াত জোটে থাকা চারটি দলের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সূত্র জানায়, সম্প্রতি হেফাজত আমিরের নির্দেশে চারটি দলের সঙ্গে আলোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটি এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। এ কমিটির কার্যক্রমকে ঘিরে গুঞ্জন ছড়ায়, জোট না ছাড়লে সংশ্লিষ্ট দলগুলোর নেতাদের হেফাজত থেকে বহিষ্কার করা হতে পারে।

এদিকে সম্প্রতি চট্টগ্রামে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন মাওলানা মামুনুল হক। বৈঠকের পর তিনি দাবি করেন, হেফাজতের ভেতরে কোনো বিভেদ নেই। তিনি বলেন, রাজনৈতিক বাস্তবতার কারণে বিভিন্ন দল একত্রে ১১ দলীয় ঐক্য গঠন করেছে, যা আদর্শিক নয় বরং রাজনৈতিক জোট।

অন্যদিকে হেফাজতের একাধিক নেতা জানান, তারা জামায়াত জোট ছাড়ার বিষয়ে চাপের সঙ্গে একমত নন। তাদের মতে, রাজনৈতিক দলগুলো নিজেদের কৌশল অনুযায়ী জোট নির্ধারণ করবে, এতে হেফাজতের সরাসরি হস্তক্ষেপ ঠিক নয়।

জামায়াত জোটের একাধিক নেতা দাবি করেন, আগেও হেফাজতের অনেক নেতা বিএনপি-সমর্থিত রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তখন কোনো প্রশ্ন না উঠলেও এখন চাপ সৃষ্টি করা হচ্ছে, যা দ্বৈত মানদণ্ডের পরিচায়ক।

সব মিলিয়ে ধর্মভিত্তিক রাজনীতিতে হেফাজতে ইসলাম ও জামায়াত জোটের মধ্যে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে, যা আগামী দিনে রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970