বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদকের পদত্যাগ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০৯:৩৮ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন সংগঠনের নেতা হাসান ইনাম। রোববার (২ নভেম্বর) সন্ধ্যায় সংগঠনের সভাপতি রিফাত রশিদ বরাবর পদত্যাগপত্র পাঠান তিনি।
পদত্যাগপত্রে হাসান ইনাম উল্লেখ করেন, বর্তমানে দেশব্যাপী পরিব্যাপ্ত সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের মতো মানসিক অবস্থায় তিনি নেই। তাই স্বেচ্ছায় ও স্বপ্রণোদিতভাবে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। একইসঙ্গে সংগঠনের বর্তমান সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলামকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত করার অনুরোধ জানান।
হাসান ইনাম তার পদত্যাগপত্রে আরও লিখেছেন, “গত চার মাস ধরে আমি জুলাই গণঅভ্যুত্থানের সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করেছি। সংগঠনকে বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক পরিসরে তুলে ধরার জন্য কর্মঠ কর্মীদের সঙ্গে নিরলসভাবে কাজ করেছি। তবে দীর্ঘ সময় কাজের চাপে আমি শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত বোধ করছি।”
তিনি আরও বলেন, “সংগঠনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশের সকল কমিটি পুনর্গঠনের ঘোষণার পর মনে হয়েছে, এই মুহূর্তে আমি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের জন্য মানসিকভাবে প্রস্তুত নই। তাই আমি ইস্তফা দিচ্ছি। তবে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে স্থায়ীভাবে প্রতিষ্ঠার জন্য আমার সংগ্রাম অব্যাহত থাকবে।”
হাসান ইনাম আরও জানান, সাধারণ সম্পাদক পদ ছাড়লেও তিনি অন্য কোনো ভূমিকায় বা বেনামে সংগঠনের কার্যক্রমে যুক্ত থাকতে চান।