একটি দল ‘জান্নাতের টিকিট বিক্রি’ করে ভোটের বৈতরণী পার হতে চায়: সালাহউদ্দিন
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০২:৫৪ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘‘দেশে একটি রাজনৈতিক দল ধর্মের নামে রাজনীতির ব্যবসা করে জান্নাতের টিকিট বিক্রি করার মাধ্যমে ভোটের বৈতরণী পার হতে চায়।’’ তার মতে, এমন দলগুলোর হাতেই আজ নারীরা নির্যাতনের শিকার হচ্ছে।
শুক্রবার (৫ নভেম্বর) রাজধানীর শাহবাগে ‘‘নারীর ওপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান: প্রতিরোধে প্রস্তুত সচেতন নারী সমাজ’’ শীর্ষক মৌন মিছিলের পূর্ব সমাবেশে এসব কথা বলেন সালাহউদ্দিন। নারীর প্রতি সহিংসতা ও অধিকার সুরক্ষায় নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‘বর্তমানে সারা দেশে নারী নির্যাতন বেড়ে চলেছে, কিন্তু আমরা কোনো কার্যকর প্রতিবাদ গড়ে তুলতে পারিনি। যদিও কিছু আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, সেগুলোর কার্যকর বাস্তবায়ন হচ্ছে না। আইনের ফাঁকফোকর দিয়ে ধর্ষকরা বেরিয়ে যায় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও মাঝে মাঝে আইন ভুলভাবে প্রয়োগ করে থাকে।’’
তিনি আরও বলেন, ‘‘দেশের কিছু রাজনৈতিক দল নারীকে সমাজের বাইরে রাখতে চায়, তাদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার পক্ষে। কিন্তু এতে নারীদের কর্মসংস্থান কমে যাবে, যা দেশের উন্নতির জন্য ক্ষতিকর।’’ তিনি উপস্থিত নারীদের প্রশ্ন করেন, ‘‘আপনারা কী চান? নারীদের কর্মসংস্থান কমে যাক?’’ তখন নারীরা একত্রে উত্তরে বলেন, ‘‘না।’’
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‘যারা নারীদের কর্মঘণ্টা কমানোর কথা বলছেন, তাদের উদ্দেশ্য অশুভ। তারা চায়, নারীরা যেন ঘরের বাইরে না বেরিয়ে সমাজে কোনো অবদান না রাখে। তবে আমাদের লক্ষ্য হলো, দেশের নারীদের শিক্ষা, কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, যাতে তারা দেশকে এগিয়ে নিতে অবদান রাখতে পারে।’’
তিনি আরও বলেন, ‘‘বাংলাদেশের অর্ধেক জনগণ নারী, তাদের উন্নয়ন নিশ্চিত করতে না পারলে দেশের উন্নয়ন অসম্পূর্ণ থাকবে। তাই নারীদের জন্য আমাদের ৩১ দফার ভিত্তিতে একটি সমন্বিত পরিকল্পনা রয়েছে, যা দেশের অগ্রগতির পথ সুগম করবে।’’
রাজশাহীর কাটাখালীতে বিএনপির প্রচার কর্মসূচিতে দুই নারী নির্যাতনের শিকার হওয়ার কথা উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, ‘‘রাজশাহীতে আমাদের বোনদের ওপর অত্যাচার করা হয়েছে। একটি ধর্মীয় গোষ্ঠী, যারা ধর্মের নামে রাজনীতি করে, তারা জুতা পেটা করেছে।’’ তিনি আরও বলেন, ‘‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, যারা নারীদের প্রতিবাদ করতে নিষেধ করে।’’
সমাবেশ শেষে, শাহবাগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত একটি মৌন মিছিল বের করা হয়, যাতে নারীরা মুখে কালো কাপড় বেঁধে অংশগ্রহণ করেন।
এ ছাড়া, সমাবেশে বক্তব্য রাখেন নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, এবং অন্যান্য নেতারা।