নির্বাচন সুষ্ঠু না হলে পালানোর পথ পাবেন না: গোলাম পরওয়ার
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০৯:৩১ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচন যদি সুষ্ঠু না হয়, প্রশাসন বা কেউ পালানোর পথ পাবেন না।
শনিবার (১৫ নভেম্বর) সকাল সোয়া নয়টার দিকে খুলনার জিরো পয়েন্টে মোটরবাইক শোভাযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন।
গোলাম পরওয়ার প্রশাসনকে সতর্ক করে বলেন, “নির্বাচন স্বচ্ছ রাখতে হবে। প্রত্যেক প্রার্থী সমান সুযোগ পাবে, অন্যথায় অতীতের মতো কেউ পালানোর সুযোগ পাবে না। যারা কালো টাকা দিয়ে নির্বাচনে অংশ নিয়েছে, তাদের উদ্দেশ্য অসৎ। তাই সৎ প্রার্থীর ভোট দেওয়ার মধ্যদিয়ে পরিবর্তনের পথে এগোতে হবে।”
তিনি আরও বলেন, “যারা অতীতে ঘের দখল করেছে, মন্দির ভেঙেছে, জনগণ এবার তাদের প্রত্যাখ্যান করবে। আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সুশাসন ও শান্তি প্রতিষ্ঠা হবে।”
শোভাযাত্রা জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে ডুমুরিয়া, ফুলতলা ও খুলনার বিভিন্ন এলাকা ঘুরে শিরোমণি শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত পথসভায় শেষ হয়। এতে ৫ শতাধিক মোটরসাইকেল অংশ নেন। এলাকাবাসীও শোভাযাত্রায় উপস্থিত থেকে নেতাকে অভিনন্দন জানান এবং জাতীয় পতাকা নিয়ে সাড়া দেন।
পথসভায় অন্যান্য উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা এবং স্থানীয় বিভিন্ন উপজেলা ও থানা আমীররা।