‘শেখ হাসিনা মানেই বাংলাদেশ, শেখ হাসিনার আওয়ামী লীগ মানেই বাংলাদেশ’

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১০:৪৫ পিএম

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক সংলাপে অংশ নিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেন, ‘কিছু কিছু ক্ষেত্রে শেখ হাসিনা মানেই বাংলাদেশ, শেখ হাসিনার আওয়ামী লীগ মানেই বাংলাদেশ, শেখ হাসিনা মানেই বঙ্গবন্ধু শেখ মুজিব।’

‘জয় বাংলা’ স্লোগান নিয়ে সাম্প্রতিক বিতর্কের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আপনার জয় বাংলা পছন্দ না হতে পারে, কিন্তু জয় বাংলা বলার জন্য কাউকে জেলে নিলে কালের ইতিহাসের কাছে কী জবাব দেবেন—সেই উত্তর কারও নেই।’

সংলাপে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য নির্বাচন কমিশনার ও কমিশন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘বঙ্গবন্ধুকে পেয়ে আমি দেশকে ভালোবাসতে শিখেছিলাম। তিনি যদি নিহত না হতেন এবং আমাকে নির্বাসিত জীবনযাপন করতে না হতো, তাহলে হয়তো আজ আপনাদের সামনে এভাবে কথা বলার ক্ষমতাও আমার হতো না।’

মিথ্যার বিরুদ্ধে নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘আমি যত বড় হয়েছি, মিথ্যা আমার কাছে তত বেশি ঘৃণার হয়েছে। আমাকে কেউ খুন করতে চাইলে বাধা দেব না, কিন্তু আমাকে দিয়ে মিথ্যা বলানো যাবে না।’

নির্বাচনকে অংশগ্রহণমূলক করার বিষয়ে তিনি ইসির প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ভোটারকে বাইরে রেখে কোনো নির্বাচন ভালোভাবে করা যাবে না। ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে আপনাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে।’

জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজনের বিষয়ে তিনি বলেন, ‘গণভোটের চার প্রশ্নে মানুষ কীভাবে আলাদাভাবে মত দেবে—এ নিয়ে বিভ্রান্তি রয়ে গেছে। গণভোটে কম অংশগ্রহণ হলে জাতীয় নির্বাচনও প্রশ্নবিদ্ধ হতে পারে।’

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে কাদের সিদ্দিকী বলেন, ‘বর্তমান সরকার দেশকে সম্পূর্ণভাবে বিভক্ত করে ফেলেছে। গত ১৫ মাস ধরে সরকারের কোনো ডাকে যাই না; নির্বাচনের আগ পর্যন্ত যাওয়ার প্রশ্নই আসে না।’

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970