পঞ্চগড়-১ আসনের জন্য এনসিপির মনোনয়ন নিলেন সারজিস
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১১:১৭ পিএম
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পঞ্চগড়-১ (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।
রবিবার (১৬ নভেম্বর) বাংলামোটরের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম নেওয়ার সময় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডা. তাসনিম জারা। এ সময় বিপুলসংখ্যক নেতাকর্মীর সঙ্গে মিছিল করে এনসিপি কার্যালয়ে প্রবেশ করেন সারজিস।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সারজিস আলম বলেন, “আজকের দিনটি আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন। আমি যে আসনের জন্য মনোনয়ন ফরম নিয়েছি, সেখানে আমার জন্মভূমি। আমার শৈশব ও কৈশোর কেটেছে এখানে। এজন্য আমি মনে করি, আসনের মানুষের প্রতি আমার দায়িত্ব রয়েছে।”
তিনি আরও বলেন, “পঞ্চগড়ের অবহেলিত মানুষের ভাগ্যোন্নয়নে আমরা দীর্ঘদিন কোনো কার্যকর নেতা পাইনি। তাই আমি প্রতিশ্রুতি দিচ্ছি, রক্ত, জীবন বা লড়াইয়ের মাধ্যমে হলেও পঞ্চগড়ের মানুষের প্রাপ্য অধিকার নিশ্চিত করব।”