জামায়াতের মনোনয়নে নির্বাচনে অংশগ্রহণ নিয়ে যা বললেন আজহারি

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ০৮:৫৭ এএম

জামায়াতের মনোনয়নে নির্বাচনে অংশগ্রহণ নিয়ে যা বললেন আজহারি। ছবি: সংগৃহীত

জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাইবিহীন তথ্য ছড়িয়ে পড়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন—“মুসলিম কখনো গুজবের মাইক হয় না।” তথ্য যাচাই ছাড়া শেয়ার করা অপপ্রচার, গুজবের ইন্ধন এবং গুনাহের কারণ- এ কথা জোর দিয়ে উল্লেখ করেন তিনি।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ফটোকার্ড শেয়ার করে এই গুরুত্বপূর্ণ মন্তব্য করেন মিজানুর রহমান আজহারি।

তিনি ওই পোস্টের কমেন্টবক্সে আরও বিস্তারিত ব্যাখ্যা দেন। এই জনপ্রিয় ইসলামী বক্তা লেখেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু শেয়ার করার আগে ঘটনার সত্যতা যাচাই করা একান্ত জরুরি। কোনো মুসলিম যা শুনে, তা-ই যাচাই-বাছাইহীনভাবে শেয়ার করতে পারে না। তিনি ইসলামের নির্দেশনা উল্লেখ করে বলেন, ইসলামে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। অসত্য বা অসম্পূর্ণ সংবাদ মানুষকে বিভ্রান্ত করতে পারে এবং সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে।

আজহারি আরও লেখেন, তথ্য সুরক্ষার ব্যাপারে ইসলামের নির্দেশনা অত্যন্ত কঠোর। অসত্য তথ্য প্রকাশ করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা বা গুজব ছড়ানো নিঃসন্দেহে গুনাহের কাজ। তিনি সতর্ক করে বলেন, সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু দেখলেই তা শেয়ার দেওয়া উচিত নয়। বরং তথ্যসূত্র যাচাই করে দেখতে হবে। নিশ্চিত না হয়ে কিছু শেয়ার না করার পরামর্শ দিয়ে তিনি লেখেন, অনেক সময় যাচাই করলে দেখা যায় যে প্রকাশিত সংবাদ মূল ঘটনার ধারে কাছেও নেই।

প্রসঙ্গত, সম্প্রতি মিজানুর রহমান আজহারিকে জড়িয়ে ফেসবুকে একটি প্রচারণা লক্ষ্য করা গিয়েছিল। সেখানে দাবি করা হয়, ঢাকার একটি আসনে তাকে জামায়াত মনোনয়ন দিয়েছে। তবে পরে জামায়াতের পক্ষ থেকে বিবৃতি দিয়ে এই তথ্যটি সঠিক নয়, বরং গুজব বলে জানানো হয়। এই গুজবের পরপরই আজহারির এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970