দেশে কোরআনের সমাজ কায়েম ছাড়া শান্তি ফিরবে না: জামায়াত আমির
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ০৭:০৮ পিএম
দেশে কোরআনের সমাজ কায়েম ছাড়া শান্তি ফিরবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (২৩ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইমাম ও খতিব সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, “এদেশে আইন চলবে কোরআনের জন্য, নয়তো মানবিক সমাজ কায়েম হবে না। মসজিদ কমিটি হবে খতিব এবং ইমামদের পরামর্শে। খতিব ও ইমামগণ কারও করুণার পাত্র হতে পারেন না।”
তিনি আরও যোগ করেন, “মসজিদে নামাজের ইমাম যিনি করেন, তিনি যখন সমাজের ইমাম হবেন, তখনই সত্যিকারের মুক্তি আসবে। প্রচলিত কোনো তন্ত্রমন্ত্র দিয়ে শান্তি আসবে না। নবীজীর (স.) দেখানো পথে ফিরে যেতে হবে।”
জামায়াত আমির বলেন, “আমরা যখন জন্মগ্রহণ করি তখন আমাদের ইমাম, আমরা যখন মৃত্যুবরণ করি তখনও আমাদের ইমাম। সমাজের সিদ্ধান্ত মসজিদের মিম্বার থেকে আসবে।”