সন্ধ্যায় জামায়াত আমিরের শপথ নেবেন ডা. শফিকুর রহমান
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১০:৩৩ এএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত আমির ডা. শফিকুর রহমান আজ সন্ধ্যায় দায়িত্ব গ্রহণের শপথ নেবেন। দলটির গঠনতন্ত্র অনুসারে তিনি ২০২৬–২০২৮ মেয়াদের জন্য টানা তৃতীয়বারের মতো আমির নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে তার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় মজলিসে শুরা, কেন্দ্রীয় কর্মপরিষদ ও নির্বাহী পরিষদের সদস্যদের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে নবমেয়াদের শপথ গ্রহণ করবেন তিনি।
এর আগে গত ২ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের অভ্যন্তরীণ নির্বাচন সম্পন্ন হওয়ার পর ডা. শফিকুর রহমানকে টানা তৃতীয়বারের মতো আমির নির্বাচিত করা হয়েছে। জামায়াতের ইতিহাসে অধ্যাপক গোলাম আযম ও মাওলানা মতিউর রহমান নিজামীর পর তিনিই তৃতীয় নেতা যিনি ধারাবাহিকভাবে তিন মেয়াদে আমিরের দায়িত্ব পালন করছেন।
দলটির প্রধান নির্বাচন কমিশনার মাওলানা এ টি এম মাছুম নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। তিনি জানান, ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশের রুকনদের গোপন ব্যালটে ভোট গ্রহণ সম্পন্ন হয়। ভোট গণনায় সর্বোচ্চ সমর্থন পেয়ে ডা. শফিকুর রহমান পুনরায় আমির নির্বাচিত হন।
জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় কাউন্সিলের সদস্যরা সরাসরি গোপন ভোটে তিন বছরের জন্য আমির নির্বাচন করেন। পরে প্রধান নির্বাচন কমিশনারের কাছে শপথ নেওয়ার মাধ্যমে নির্বাচিত আমিরের দায়িত্ব গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়।
১৯৫৮ সালের ৩১ অক্টোবর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে জন্মগ্রহণ করেন ডা. শফিকুর রহমান। ১৯৮৩ সালে সিলেট মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। ছাত্রজীবনে ১৯৭৭ সালে ইসলামী ছাত্রশিবিরে যোগদানের মাধ্যমে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়। এরপর ১৯৮৪ সালে তিনি জামায়াতে ইসলামীতে যুক্ত হন। ২০১৬ সালে সেক্রেটারি জেনারেল নির্বাচিত হওয়ার পর ২০১৯ সালের ১২ নভেম্বর প্রথমবার এবং ২০২২ সালের ৩১ অক্টোবর দ্বিতীয়বার আমির হন তিনি।