ব্রিটিশ পার্লামেন্টে ‘তারেক রহমানের নীতি ও রাজনীতি’ বিষয়ে আন্তর্জাতিক সেমিনার
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১১:৪৩ এএম
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ‘ভয়েস ফর বাংলাদেশ ইউকে’ ব্রিটিশ পার্লামেন্টে আয়োজন করছে একটি আন্তর্জাতিক সেমিনার, যার শিরোনাম ‘তারেক রহমানের নীতি ও রাজনীতি; সমকালীন বাংলাদেশ’।
আগামী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) লন্ডনে অনুষ্ঠিত হবে এ বিশেষ আয়োজন।
সেমিনারে যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারক, শিক্ষাবিদ, মানবাধিকারকর্মী, সাংবাদিক এবং প্রবাসী বাংলাদেশিরা অংশ নেবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
সংগঠনটির প্রতিষ্ঠাতা আতাউল্যাহ ফারুক জানান, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনের নীতিনির্ধারক ও বিশেষজ্ঞদের এক টেবিলে আনা হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও নীতিনির্ধারণে বৈশ্বিক সম্প্রদায়ের ভূমিকা কী হতে পারে সেমিনারে তা নিয়ে বিস্তৃত আলোচনা হবে।
আয়োজকরা আরও জানান, অনুষ্ঠানে ব্রিটিশ এমপি, হাউস অব লর্ডসের সদস্য, মানবাধিকার সংগঠন, আন্তর্জাতিক সাংবাদিক এবং বিভিন্ন দেশের প্রভাবশালী ব্যক্তিরা বক্তব্য দেবেন। ইতোমধ্যে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এ আয়োজনকে ঘিরে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।
তাদের মতে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এ ধরনের আন্তর্জাতিক আলোচনা নীতির সমন্বয়, কূটনৈতিক যোগাযোগ এবং বৈশ্বিক পরিসরে বাংলাদেশের ভবিষ্যৎ অবস্থানকে ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারে।