শপথ নেওয়ার সময় কান্নায় ভেঙে পড়লেন ডা. শফিকুর রহমান
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১০:৫২ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ২০২৬–২০২৮ মেয়াদের জন্য আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি শপথ নেন। শপথ পরিচালনা করেন দলটির অভ্যন্তরীণ প্রধান নির্বাচন কমিশনার মাওলানা এটিএম মাছুম।
পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়, তিলাওয়াত করেন বান্দরবান জেলা আমির মাওলানা আব্দুস সালাম আজাদ। শপথ নেওয়ার মুহূর্তে ডা. শফিকুর রহমানকে আবেগাপ্লুত হয়ে চোখের পানি মুছতে দেখা যায়।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অতিথি হিসেবে অংশ নেন। উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম, জাগপা, এলডিপি, গণঅধিকার পরিষদসহ বিএনপি-অ্যালাইড বেশ কয়েকটি দলের প্রতিনিধি।
জামায়াতের পক্ষ থেকে নায়েবে আমির মাওলানা আনম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও মজলিসে শূরার সদস্যরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন নির্বাচন কমিশনার মো. আব্দুর রব।
শপথের পর বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, সংগঠনের এত বড় দায়িত্ব তিনি নিজেকে যোগ্য মনে না করলেও আল্লাহর ওপর ভরসা করে দলের সবার সহযোগিতায় দায়িত্ব পালন করবেন। কোনো ভুলত্রুটি হলে তাকে সমালোচনা ও সংশোধনের সুযোগ দিতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
গত সাড়ে ১৫ বছরে জামায়াতের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন, হত্যা, জেল-জুলুমের চিত্র তুলে ধরে তিনি শহীদদের পরিবারগুলোর প্রতি শ্রদ্ধা জানান। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ১৯৯০-এর গণ-আন্দোলনসহ বিভিন্ন সময়ে যারা শহীদ হয়েছেন, তাদের রূহের মাগফিরাত কামনা করেন।
এছাড়া ২০২৪ সালের ‘জুলাই বিপ্লবে’ তরুণদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, ভবিষ্যতেও জাতীয় স্বার্থে তারুণ্য দায়িত্বশীল ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলকভাবে অনুষ্ঠিত হোক এ কামনা করেন ডা. শফিক। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় উদ্যোগ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
জাতীয় স্বার্থে সব রাজনৈতিক দলের মধ্যে ঐক্য ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার ডাক দেন নতুন আমির।