খালেদা জিয়ার অবস্থা গত ৩ দিন ধরে একই পর্যায়ে আছে: ডা. জাহিদ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১২:২০ এএম
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত তিন দিন ধরে একই পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।
তিনি জানান, খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ীই সব সিদ্ধান্ত নেওয়া হবে, বিদেশে পাঠানোসহ।
শনিবার (২৯ নভেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালে এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
ডা. জাহিদ বলেন, “খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে যুক্তরাজ্য, সৌদি আরব, চীন ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ করছি। তাদের পরামর্শ অনুযায়ীই চিকিৎসা চলছে।”
তিনি আরও জানান, খালেদা জিয়ার সার্বিক চিকিৎসা ব্যবস্থাপনার তদারকি করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মেডিকেল বোর্ড, পরিবার ও নেতাকর্মীদের যৌথ সহযোগিতায় চিকিৎসা কার্যক্রম চলছে বলেও উল্লেখ করেন তিনি।
হাসপাতালে অযথা ভিড় না করার আহ্বান জানিয়ে ডা. জাহিদ বলেন, “খালেদা জিয়ার পাশাপাশি এখানে আরও প্রায় ৩০০ রোগী চিকিৎসাধীন। তাদের চিকিৎসা যাতে ব্যাহত না হয়, সেজন্য সবাইকে কম ভিড় করার অনুরোধ জানাচ্ছি।”
সর্বশেষ অবস্থা ও বিদেশে নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, “দেশবাসীকে আশ্বস্ত করতে চাই—যতটা উন্নত চিকিৎসা দরকার, সব আয়োজন করা হয়েছে। ভালো করার মালিক আল্লাহ। মেডিকেল বোর্ড বিদেশে পাঠানোর পরামর্শ দিলে জানানো হবে। তিনি তিন দিন ধরে একই পর্যায়ে আছেন এবং চিকিৎসা নিতে পারছেন। বিদেশ নেওয়ার সিদ্ধান্ত পরিস্থিতি ও বোর্ডের মতামতের ওপর নির্ভর করছে।”