‘একদল অপকর্ম করে পালিয়েছে, আরেকদল সেই অপকর্মের দায় কাঁধে তুলে নিয়েছে’

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৪১ পিএম

জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিস্টরা দেশ থেকে পালিয়ে গেলেও ফ্যাসিবাদের অন্ধকার ছায়া এখনো কাটেনি। তিনি অভিযোগ করেন, “একদল অপকর্ম করে দেশ ছেড়েছে, আরেকদল সেই অপকর্মের বোঝা কাঁধে তুলে নিয়েছে। কেউ চাঁদাবাজি করে মানুষের ক্ষোভ বাড়িয়েছে, আবার কেউ আরও শক্তি নিয়ে একই কাজ করছে।”

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে ইসলামী ও সমমনা আট দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও দেশের মানুষ মাথা উঁচু করতে পারছে না। “বর্গীরা চলে যাওয়ার পর দেশের ভেতরের চিলেরা জনগণের সম্পদ লুট করেছে, বিদেশে পাচার করেছে, বেগমপাড়া বানিয়েছে। তিনি আরও উল্লেখ করেন, পালানোর সময় কেউ খাল-বিলে লুকিয়েছে, কেউ আবার চটুল রসিকতার জন্ম দিয়ে কলাপাতায় ধরা পড়েছে।

তিনি অভিযোগ করেন, একদল দখলদার রাজনীতির কারণে জনগণের ঘৃণা কুড়িয়েছে, আরেকদল এখন বেপরোয়া দখলদার হিসেবে আবির্ভূত হয়েছে। বিরোধী নেতাদের ওপর নির্যাতন, মামলা, ফাঁসি ও দেশছাড়া করার প্রবণতা এখনো বন্ধ হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

দেশের রাজনীতিতে নতুন সুর শোনার সমালোচনা করে তিনি বলেন, অতীতের অপকর্মের পরিণতি দেখে সংশোধনের বদলে কেউ কেউ আবার পুরনো পথেই হাঁটছে। “যারা এতদিন নির্বাচন নির্বাচন করে প্রচারণা চালাত, এখন তারা আবার ভিন্ন সুরে কথা বলছে- এটা ভালো লক্ষণ নয়।

বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, জনগণ তাদের আগামী নির্বাচনে লালকার্ড দেখাতে প্রস্তুত। “কেউ যদি নির্বাচন ভণ্ডুল করতে চায়, সংগ্রামী জনগণই তার ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে,”—বলেন তিনি।

তিনি সতর্ক করে বলেন, কেউ যদি প্রশাসনিক ক্যু’য়ের মাধ্যমে নির্বাচনের ‘ক্রেডিট’ নেওয়ার পরিকল্পনা করে, তারা ভুল করছে। “সেই সূর্য ডুবে গেছে। এখন নতুন সূর্যের উদয় হবে।

জোটের বাইরে থাকা ইসলামি দলগুলোকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনাদের বর্তমান অবস্থান আপনাদের মানায় না। ঘরের ছেলে ঘরে ফিরে আসুন। আমরা আপনাদের বুকে জড়িয়ে নেব।”

দেশে নতুন রাজনৈতিক পরিস্থিতিতে জনগণ স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে তারা কাকে ভোট দেবে- এ মন্তব্য করে জামায়াত আমির বলেন, তাদের রক্তচক্ষুর ভয় দেখিয়ে লাভ নেই। “আমরা ভয় করি শুধু আল্লাহকে। কারও দাদাগিরি বাংলাদেশে চলবে না।

তিনি আরও বলেন, বিদেশের তল্পিবাহক হয়ে রাজনীতি করার দিন শেষ। “যারা বিদেশে গিয়ে আশ্রয় নিয়েছে, তাদের অবস্থাই এখন করুণ। না গিলতে পারছে, না ফেলতে পারছে। আপনারা কোথায় যাবেন? এই দেশের মানুষের অনুভূতি বুঝুন।”

সমাবেশে খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলনসহ সমমনা দলের নেতারা বক্তব্য দেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970