শারীরিক অবস্থা বিবেচনায় খালেদা জিয়াকে বিদেশে নিতে দেরি হচ্ছে: ডা. জাহিদ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৫ পিএম
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় তাকে বিদেশে নিতেই দেরি হচ্ছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, প্রয়োজন হলে ব্যবহারের জন্য এয়ার অ্যাম্বুল্যান্স সবসময় প্রস্তুত রাখা হয়েছে, তবে মেডিকেল বোর্ড মনে করছে—এ মুহূর্তে তাকে বিমানে তোলা নিরাপদ নয়। বোর্ড সম্মতি দিলেই তাকে বিদেশে নেওয়া হবে।
ডা. জাহিদ বলেন, “খালেদা জিয়ার শারীরিক অবস্থাই বলে দেবে কখন তাকে বিদেশে নেওয়া হবে। সর্বোচ্চ পর্যায়ে তার সুচিকিৎসা ও নিরাপত্তাকে আমরা প্রাধান্য দিচ্ছি।” তিনি জানান, চিকিৎসকরা খালেদা জিয়ার স্বাস্থ্যঝুঁকি এড়াতে সতর্ক সিদ্ধান্ত নিচ্ছেন।
তিনি আরও বলেন, তারেক রহমান সার্বক্ষণিকভাবে চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণ করছেন এবং চিকিৎসকদের মতামতকে অগ্রাধিকার দিচ্ছেন। এছাড়া চিকিৎসা সমন্বয়ে জুবাইদা রহমানও যুক্ত আছেন। পরিবারের সদস্য থেকে শুরু করে দলের দায়িত্বশীল নেতাদের সবাইকে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত সম্পর্কে নিয়মিতভাবে জানানো হচ্ছে।
সামাজিক মাধ্যমে ছড়ানো বিভিন্ন গুজব সম্পর্কে সতর্ক করে ডা. জাহিদ বলেন, “দয়া করে কেউ বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না। বিদেশে নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন আছে। বোর্ড মনে করলে যেদিন ফ্লাই করা নিরাপদ হবে—সেদিনই নেওয়া হবে।” তিনি জানান, কাতার সরকার এবং অন্তর্বর্তী সরকার সহযোগিতা করছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ সর্বোচ্চ সেবা দিচ্ছে।
উল্লেখ্য, খালেদা জিয়া ১৩ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। পাকস্থলির জটিলতার কারণে গতকাল তার এন্ডোস্কোপি করা হয়। শুরুতে কিছু রক্তক্ষরণ হলেও পরে তা নিয়ন্ত্রণে আসে। দেশি-বিদেশি চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড তার অবস্থা পর্যবেক্ষণ করছে।