এনসিপি সরকারে গেলে প্রাইভেট সেক্টরেও শুক্র-শনিবার ছুটি ঘোষণা করব: নাসীরুদ্দীন
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:০৯ পিএম
সরকারে যেতে পারলে বেসরকারি খাতেও শুক্র–শনিবার সাপ্তাহিক ছুটি কার্যকর করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, “এনসিপি সরকার গঠন করতে পারলে বা সরকারের অংশ হতে পারলে প্রাইভেট সেক্টরেও শুক্র–শনিবার ছুটির ঘোষণা দেব।”
শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্স’-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে সরকারি ও বেসরকারি চাকরিতে দলীয় দাসত্ব, পরিবারতন্ত্র, তোষণ—এসবই ছিল নিয়োগের প্রধান শর্ত। “এই সংস্কৃতি বদলাতে হবে।”
ছোট রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, “বড় দলগুলোর কাছে মাথা নত করবেন না। মেরুদণ্ড বিক্রি করবেন না। পরিবারতন্ত্র, দুর্নীতি, চাঁদাবাজি, ধর্মের নামে রাজনীতি—এসব আর চলতে পারে না। ভাঙা দিয়ে শুরু করেছি, এখন গড়ার সময়।”
ভারতকে উদ্দেশ করেও নাসীরুদ্দীন পাটওয়ারী হুঁশিয়ারি দেন। তিনি বলেন, “ভারতকে স্পষ্ট বলতে চাই- বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করতে আসবেন না। এখানে আপনাদের অনেক ব্যবসা আছে, পরে লেজ গুটিয়ে পালাতে হবে। দক্ষিণ এশিয়ায় বিজেপির সন্ত্রাস রুখে দিতে আমরা প্রস্তুত।”