দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘুমন্ত অবস্থায় প্রাণ গেল ৬ বাংলাদেশির
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১০:৫৪ পিএম
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন বাংলাদেশি আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় ভোর ৩টার দিকে ইস্টার্ন কেপের কুইন্সটাউন থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরের সমো এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের কুকেরচর ও চর আলীরটেক এলাকার পাশাপাশি বক্তাবলী ইউনিয়নের রামনগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, আগুন লাগার সময় দোকানের ভেতরে ঘুমিয়ে ছিলেন বাংলাদেশিরা। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। একই ঘটনায় দোকানে থাকা আরও একজন আহত হন। তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে।