সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৬:৪৬ পিএম

ছবি: সংগৃহীত

আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহের অভিযানে প্রায় ১৫ হাজার অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। রোববার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গত ১৬ থেকে ২২ জুলাই পর্যন্ত বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয়ে পরিচালিত অভিযানে মোট ১৪ হাজার ৯৭০ জন অভিবাসীকে আটক করা হয়েছে।

গ্রেপ্তার হওয়াদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৭ হাজার ৪৩৭ জন, সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের দায়ে ৩ হাজার ৯৯১ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ৫৪২ জন রয়েছেন।

এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় আরও ১ হাজার ৬২৬ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৬২ শতাংশ ইথিওপিয়ার, ৩৭ শতাংশ ইয়েমেনের এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। একই সময়ে অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টা করার অভিযোগে আরও ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আবাসন ও কর্মসংস্থান সংক্রান্ত আইন লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার অভিযোগে দেশটিতে বসবাসরত আরও ১৮ জনকে আটক করা হয়েছে।

একই সময়ে ১৩ হাজার ২৫১ জন অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। পাশাপাশি ১৭ হাজার ৭৪৭ জনকে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এছাড়া ৬ হাজার ১১৩ জনকে দেশে ফেরার আগে ভ্রমণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

বর্তমানে ২৮ হাজার ৫৫৭ জন পুরুষ ও ১ হাজার ৯৮৯ জন নারীসহ মোট ৩০ হাজার ৫৪৬ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

সৌদি আরবে অবৈধভাবে প্রবেশে সহযোগিতা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। এ বিষয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত সতর্কবার্তা দিয়ে আসছে।

বর্তমানে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের বসবাস সৌদি আরবে। বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক জীবিকা নির্বাহের জন্য দেশটিতে কর্মরত রয়েছেন।

সূত্র: গালফ নিউজ।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970