‘জাতীয় নির্বাচনে কেউ ব্যালট পেপারে হাত দিলে তার হাত থাকবে না’

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৭:২৪ পিএম

ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচনে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার। তিনি বলেছেন, ‘জাতীয় নির্বাচনে কেউ ব্যালট পেপারে হাত দিলে তার হাত থাকবে না।’

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) হাজীগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক জানান, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে জেলা প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচনী প্রক্রিয়ায় কেন্দ্র দখল, ব্যালট পেপার নিয়ে কারসাজি, ভোটারদের ভয়ভীতি প্রদর্শনসহ যেকোনো ধরনের অনিয়ম কঠোরভাবে দমন করা হবে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। ভোটাররা যেন নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করা প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার।

সভায় উপস্থিত সাংবাদিকরা নির্বাচনকালীন সময়ে তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশে নিরাপদ পরিবেশ নিশ্চিতের দাবি জানান। সুশীল সমাজের প্রতিনিধিরা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। রাজনৈতিক নেতারাও সহিংসতা ও অনিয়ম এড়াতে প্রশাসনের সঙ্গে সহযোগিতার আশ্বাস দেন।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, নির্বাচনী দায়িত্ব পালনে নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। দায়িত্বে অবহেলা বা পক্ষপাতমূলক আচরণ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মতবিনিময় সভায় হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান, থানার অফিসার ইনচার্জ মো. আ. জব্বারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970