১৩ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১১:২১ পিএম
কক্সবাজারের টেকনাফ উপকূলে বঙ্গোপসাগরের মোহনায় মাছ শিকারের সময় দুটি ট্রলারসহ ১৩ জন জেলেকে ধরে নিয়ে গেছে মায়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে নাফ নদ ও বঙ্গোপসাগরের মোহনা এলাকায় এ ঘটনা ঘটে।
আটক হওয়া ট্রলার দুটি টেকনাফের শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া নৌঘাট এবং পৌরসভার কায়ুকখালিয়া ঘাটের বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ পৌরসভার কায়ুকখালিয়া ঘাট ট্রলার মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ।
তিনি বলেন, গভীর সাগরে মাছ শিকার শেষে জেলেরা সকালে টেকনাফের দিকে ফেরার সময় বঙ্গোপসাগরের মোহনা এলাকা থেকে আরাকান আর্মির একটি দল অস্ত্রের মুখে জিম্মি করে দুটি ট্রলারসহ ১৩ জেলেকে মায়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের একটি খালে নিয়ে যায়।
মঙ্গলবার সন্ধ্যা ৭টা পর্যন্ত আটক জেলেদের কোনো খবর পাওয়া যায়নি। এ ঘটনায় জেলে পল্লীগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ট্রলারের এক মালিক আব্দুল জলিল জানান, আজ সকালে মাছ ধরে ফেরার পথে তার ট্রলার নাফ নদীর মোহনা থেকে মাঝিসহ সাতজন জেলেসহ ধরে নেওয়া হয়েছে। এ ঘটনায় জেলে পরিবারগুলোর মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে এবং অনেকেই সাগরে যেতে ভয় পাচ্ছেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমামুল হাফিজ নাদিম বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানান।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, গত ১০ মাসে বাংলাদেশ-মায়ানমার সীমান্তের নাফ নদ ও সংলগ্ন এলাকা থেকে অন্তত ৩৫০ জন জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। বিজিবির সহায়তায় এদের মধ্যে প্রায় ২০০ জনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও প্রায় ১৫০ জন জেলে তাদের হাতে আটক রয়েছেন।