আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন হাসনাত
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৯:২০ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে রাজনৈতিক সমীকরণে চমক দেখা গেছে। জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে জোট প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে স্থানীয় জামায়াত নেতা সাইফুল ইসলাম (শহিদ)কে সঙ্গে নিয়ে তিনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
সম্প্রতি জামায়াতে ইসলামী ও এনসিপির মধ্যে দেশব্যাপী নির্বাচনী সমঝোতা সম্পন্ন হয়। এর ধারাবাহিকতায় কুমিল্লা-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম (শহিদ) জোটগত ঐক্যের স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। হাসনাত আব্দুল্লাহর মনোনয়নপত্র জমার সময় তিনি উপস্থিত থেকে সমর্থন জানান। সাইফুল ইসলাম কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি।
এ সময় শহীদ পরিবারের সদস্য, জোট নেতৃবৃন্দ এবং উভয় দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের হাসনাত আব্দুল্লাহ বলেন, একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে তিনি কাজ করতে চান। দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও মৌলিক অধিকার ক্ষুণ্ন হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ভোটাধিকার ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করাই তাদের রাজনীতির মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, ইনসাফ প্রতিষ্ঠার পথে শহীদ হয়েছেন শরীফ ওসমান হাদী। স্থানীয় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত ন্যায়বিচার প্রতিষ্ঠায় তারা আপসহীন থাকবেন। দুর্নীতির বিরুদ্ধে জোটের অবস্থান দৃঢ় থাকবে বলেও তিনি জানান।