আজীবন আওয়ামী লীগের পাশে থাকার ঘোষণা দেওয়া জসিম এবার বিএনপির প্রার্থী

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১১:১২ পিএম

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে বিএনপির প্রার্থী হয়েছেন ব্যবসায়ী জসিম উদ্দিন আহমেদ। রোববার (২৮ ডিসেম্বর) নিজেই মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা চলছে। বিএনপির সূত্র মতে, ধানের শীষ প্রতীকের প্রার্থী তালিকায় জসিম উদ্দিন আহমেদের নাম রয়েছে।

মনোনয়ন প্রকাশের পর ফেসবুকে জসিম উদ্দিনের আওয়ামী লীগ ঘনিষ্ঠ বিভিন্ন ছবি ও বক্তব্য ছড়িয়ে পড়েছে। এসব ছবি ও বক্তব্যে দেখা যায়, তিনি আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন।

জানা গেছে, ২০২৪ সালের বিতর্কিত উপজেলা পরিষদ নির্বাচনে জসিম উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নির্বাচনের সময় এক সভায় তিনি বলেছিলেন, ‘আমি মৃত্যুর আগ পর্যন্ত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সঙ্গে থাকব।’ সভায় উপস্থিত নেতাকর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘জসিম ভাই এগিয়ে চলো’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

অভিযোগ রয়েছে, জসিম উদ্দিনের সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও নগর যুবলীগ নেতা হেলাল উদ্দিন বাবরের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তিনি জেসিকা গ্রুপের চেয়ারম্যান হিসেবে রাজনৈতিক ও ব্যবসায়িক প্রভাব বিস্তার করেছেন। এছাড়া সাবেক দুই পুলিশপ্রধান বেনজীর আহমেদ ও শহীদুল হকের সঙ্গে তার ব্যবসায়িক সম্পর্ক রয়েছে।

জসিম উদ্দিন বলেন, “বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গেও আমার ছবি আছে। আমি মানুষের জন্য কাজ করতে চাই। সকলের দোয়া চাই।” তার আজীবন আওয়ামী লীগ সমর্থক থাকার বক্তব্যের বিষয়ে তিনি আর কোনো মন্তব্য করেননি।

এদিকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শফিকুল ইসলাম রাহী সামাজিক মাধ্যমে মনোনয়ন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘চট্টগ্রাম-১৪তে এক আওয়ামী লীগ নেতাকে জেলা সদস্য করা হলো, আর আজ আওয়ামী দোসরকে সংসদে মনোনয়ন দেওয়া হলো।’ তিনি বলেন, ‘ক্ষুদ্র কোনো বিএনপি কর্মী মনোনয়ন পেলেও আমি সন্তুষ্ট থাকতাম, কিন্তু একজন আওয়ামী দোসরকে মনোনয়ন দেওয়ায় হতাশ হয়েছি।’

জসিম উদ্দিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে চট্টগ্রামের হৃদয় তরুয়া হত্যা মামলা, জুলাইযোদ্ধা এমদাদকে গুলির মামলা এবং গত বছরের ৪ ডিসেম্বর বাড্ডায় হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া পদ্মা ব্যাংকের ঋণখেলাপি মামলায় জসিম ও তার স্ত্রীকে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970