নিখোঁজের কয়েক ঘণ্টা পর বাড়ির পাশে মিলল শিশুর মরদেহ, শরীরে ক্ষতচিহ্ন

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০৪ পিএম

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের চিলমারী উপজেলার মাচাবান্ধা সাহাপাড়া এলাকায় দুই বছরের এক শিশুর রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর বাড়ির পাশের একটি ফাঁকা স্থান থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে বলে জানিয়েছে স্থানীয়রা।

নিহত শিশুটি রাজমিস্ত্রি আলমগীর হোসেনের একমাত্র মেয়ে। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, শুক্রবার সকাল প্রায় ৯টার দিকে নিজ বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায় শিশুটি। এরপর তাকে খুঁজে পেতে এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হয়। পাশাপাশি মাইকিং করা হয় এবং সামাজিক মাধ্যমে তার সন্ধান চেয়ে প্রচার চালানো হয়।

অনুসন্ধানের একপর্যায়ে একই দিন রাত প্রায় ১০টার দিকে বাড়ির পাশের একটি ফাঁকা জায়গায় বাঁশের কঞ্চির ওপর শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয়দের দাবি, শিশুটির শরীরে বিশেষ করে চোখসহ বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন ছিল, যা ঘটনার রহস্যকে আরও গভীর করেছে।

এদিকে, শিশুটির বাবা আলমগীর হোসেন অভিযোগ করেছেন, পারিবারিক বিরোধের জেরে তার সন্তানকে অপহরণ করে হত্যা করা হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শিশুটির বাবার অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970