এক সন্তানের জননীর সঙ্গে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতাকে শোকজ

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ০৭:১০ পিএম

ছবি: সংগৃহীত

এক সন্তানের জননীর সঙ্গে পরকীয়ায় জড়িত থাকার অভিযোগে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীমকে শোকজ নোটিশ দিয়েছে জেলা ছাত্রদল। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সাময়িক অব্যাহতি দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি মো. আতিকুর রহমান সুমিল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকের যৌথ স্বাক্ষরিত নোটিশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

নোটিশে বলা হয়, দায়িত্বশীল পদে থেকে সুনির্দিষ্ট অভিযোগ ওঠায় তাকে বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না—তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ জানুয়ারি রাত আনুমানিক ৯টার দিকে বকশীগঞ্জ উপজেলার পোল্লাকান্দি গ্রামে এক নারীর সঙ্গে অনৈতিক অবস্থায় থাকার অভিযোগে স্থানীয়রা তাকে আটক করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পরে স্থানীয় রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এলাকাবাসীর দাবি, ঘটনার সঙ্গে জড়িত ওই নারী ও তার তিন বছরের সন্তান বর্তমানে অভিযুক্ত ছাত্রদল নেতার বাসায় অবস্থান করছেন। পাশাপাশি শামীমের বিরুদ্ধে দলীয় পরিচয় ব্যবহার করে থানা, উপজেলা ও ভূমি অফিসসহ বিভিন্ন দপ্তরে প্রভাব বিস্তার ও চাঁদাবাজির অভিযোগও উঠেছে।

স্থানীয়দের আরও অভিযোগ, দৃশ্যমান কোনো ব্যবসা বা নিয়মিত আয়ের উৎস না থাকলেও সম্প্রতি তার বিলাসবহুল জীবনযাপন ও দামী মোবাইল ফোন ব্যবহারের বিষয়টি এলাকায় আলোচনা তৈরি করেছে।

বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জের সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত জুবাইদুল ইসলাম শামীমের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970