জামালপুরে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
মো. ইব্রাহিম খান (টিটু), জামালপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০৯:৩২ পিএম
জামালপুরে সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) রাত ৮টায় জামালপুর শহর বিএনপির ১১নং ওয়ার্ড উত্তর শেখার ভিটা আঞ্চলিক বিএনপির উদ্যোগে শেখেরভিটা ঈদগাহ মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জামালপুর শহর বিএনপির সহ-সভাপতি এডভোকেট মাকসুদ আলী মাসুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল হাসান বিপুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেজ আলী মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি, সাধারণ সম্পাদক জেলা বিএনপি জামালপুর এবং জামালপুর সদর-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী।
এছাড়া অনুষ্ঠানে জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মাসুদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেজ আলী মামুন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, রাজনৈতিক প্রতিকূলতা ও নিপীড়নের মধ্যেও বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র, জাতীয় সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় আপসহীন ছিলেন।
তিনি আরও বলেন, তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনায় তার দৃঢ়তা, প্রজ্ঞা ও সাহস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে তার সরকারের উদ্যোগ দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দোয়া মাহফিল শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।