ফতুল্লায় স্বেচ্ছাসেবক দল নেতার কার্যালয়ে ভাঙচুর ও গুলিবর্ষণ, আহত ৩
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১১:৫৬ এএম
নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বেচ্ছাসেবক দলের এক নেতার কার্যালয়ে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী নেতা।
শনিবার (২৪ জানুয়ারি) দিনগত রাত ১১টার দিকে ফতুল্লা থানার কায়েমপুর এলাকায় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক এস কে শাহীনের দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।
এস কে শাহীন জানান, ওইদিন রাত সাড়ে ৮টার দিকে কায়েমপুর এলাকায় স্থানীয় মাদক ব্যবসায়ী রবিন গ্রুপ ও প্রতিপক্ষ মুন্নার গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা হয়। বিষয়টি জানতে পেরে তিনি ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত করে নিজ বাড়িতে ফিরে যান।
তিনি আরও জানান, রাত ১১টার দিকে ভাত খাওয়ার সময় হঠাৎ গোলাগুলির শব্দ পান। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, মাদক সম্রাট রবিনের নেতৃত্বে আওয়ামী লীগের সোহেল ও মিঠু, রবিনের ভায়রা খান এবং কিস্তি ব্যবসায়ী ওয়াসিমসহ অন্তত ১৮ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল তার কার্যালয়ে হামলা চালিয়েছে। তাকে না পেয়ে হামলাকারীরা অফিসের আসবাবপত্র ভাঙচুর করে এবং সেখানে থাকা তিনজনকে কুপিয়ে আহত করে।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা ৬–৭টি শর্টগানসহ একাধিক আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিজের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন এস কে শাহীন।
তিনি বলেন, ‘আমি এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি। সিসি ক্যামেরার ফুটেজে হামলাকারীদের স্পষ্ট দেখা গেছে। দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও ন্যায়বিচার চাই। আমার নিরাপত্তা নিশ্চিত না হলে প্রয়োজনে ডিসি অফিস ঘেরাও করব।’
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ভুক্তভোগীর লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযানসহ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।