১০ বছর ধরে পাথর ভেবে বোমার উপর ধোয়া হচ্ছিল কাপড়! অতঃপর...
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১১:০৯ পিএম
কক্সবাজারের রামুতে দীর্ঘ ১০ বছর ধরে পাথর ভেবে একটি বোমার ওপর কাপড় ধুয়ে আসছিল স্থানীয়রা। সম্প্রতি বিষয়টি নজরে এলে বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করে পুলিশ।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে রামুর কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ারঘোনা তচ্ছাখালী (৮ নম্বর ওয়ার্ড) এলাকায় স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি সংরক্ষণ করে পুলিশ।
রোববার (২৫ জানুয়ারি) রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বস্তুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত অবিস্ফোরিত কিংবা অকার্যকর একটি বোমা। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, বোমাটি যে স্থানে রাখা হয়েছে, সেখানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। সেনাবাহিনীকে অবহিত করা হলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বোমাটির ভেতরে বিস্ফোরক রয়েছে কি না এবং এটি কতটা ঝুঁকিপূর্ণ— তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রায় ১০ বছর আগে এলাকার একটি পুকুরে বস্তুটি পাওয়া যায়। পরে সেটিকে পাথর মনে করে পুকুরের পাশে রেখে নিয়মিত কাপড় ধোয়ার কাজে ব্যবহার করা হতো।
রামুর ইতিহাস গবেষক ও আইনজীবী শিরূপন বড়ুয়া বলেন, আকৃতি দেখে ধারণা করা যায় এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমা। ওই সময়ে এই অঞ্চলে জাপানিদের উপস্থিতি ছিল এবং তারা এমন বোমা ব্যবহার করত। যদি বোমাটির ভেতরে বিস্ফোরক থাকে, তাহলে জননিরাপত্তার স্বার্থে সেটি নিষ্ক্রিয় করা প্রয়োজন। আর বিস্ফোরক না থাকলে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মারক হিসেবে সংরক্ষণ করা যেতে পারে, কারণ এটি রামুর ইতিহাসের অংশ।