চুরি করতে গিয়ে দরজার ফাঁকে আটকে প্রাণ গেল যুবকের, লাশ উদ্ধার

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০১:১০ এএম

ছবি: সংগৃহীত

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় একটি পরিত্যক্ত ঘরের দরজার ফাঁকে আটকে থাকা অবস্থায় মনির মিয়া (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলা শহরের চানপুর রোডে ওই পরিত্যক্ত ঘরের পেছনের দরজা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মনির মিয়া কলমাকান্দা শহরের পশ্চিম বাজার ড্রেইনপাড় এলাকার বাসিন্দা এবং মৃত আব্দুস সালামের ছেলে।

পুলিশ জানায়, মনির ভবঘুরে জীবন যাপন করতেন। পুরোনো জিনিসপত্র কুড়িয়ে বিক্রি করতেন এবং মাঝে মাঝে ছোটখাটো চুরির সঙ্গে জড়িত থাকতেন। এছাড়া নেশার অভ্যাসও ছিল।

পুলিশের প্রাথমিক ধারণা, সোমবার রাতে পরিত্যক্ত ওই ঘরে চুরি করতে ঢোকার সময় দরজার ফাঁকে তাঁর গলা আটকে যায়। শক্ত দরজাটি ভাঙতে না পারায় দীর্ঘ সময় আটকে থেকে তিনি মারা যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২৬ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে পুরোনো যন্ত্রপাতি কুড়ানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন মনির মিয়া। এরপর তিনি আর ফেরেননি। লাশ উদ্ধার হওয়া বাড়ির ভাড়াটিয়া সোমা রানী গত ২০ জানুয়ারি আটপাড়া উপজেলার শুনই এলাকায় একটি বিয়েবাড়িতে রান্নার কাজে যাওয়ায় ঘরে তালা দিয়েছিলেন। মঙ্গলবার দুপুরে বাড়ি ফেরার সময় পেছনের দরজার ফাঁকে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দীক হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরি করার সময় দরজার ফাঁকে গলা আটকে দীর্ঘ সময় থাকার কারণে মনির মিয়ার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970