অনিয়মের অভিযোগে কুমিল্লা-৮, শরিয়তপুর-২ ও পটুয়াখালী-১ কেন্দ্রে স্থগিতের দাবি
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৩ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামী তিনটি সংসদীয় আসনের কয়েকটি কেন্দ্রে অনিয়মের অভিযোগ তুলে ভোট স্থগিতের অনুরোধ জানিয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে দলটি এ দাবি জানান।
বিকেল সোয়া ৩টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে জামায়াতের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠক করে। প্রতিনিধি দলে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল।
তিনি জানান, অনিয়মের অভিযোগে কুমিল্লা-৮, শরিয়তপুর-২ ও পটুয়াখালী-১ এই তিনটি আসনের কিছু কেন্দ্রের ভোট স্থগিতের দাবি জানানো হয়েছে। সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে বিভিন্ন অনিয়মের ঘটনা ঘটেছে বলে তারা অভিযোগ করেন।
এদিকে চলমান জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও বিশৃঙ্খলার তথ্য পাওয়া গেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল জানায়, সারা দেশে ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে।
সমন্বয় সেলের তথ্য অনুযায়ী, দুপুর ২টা পর্যন্ত ১৪টি স্থানে পোলিং এজেন্টদের বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। বিভিন্ন দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে ১৩৫টি স্থানে। এছাড়া তিনটি স্থানে ব্যালট বাক্স ছিনতাই, ৫৯টি জালভোট প্রদান, ১৮টি স্থানে ভোটারদের বাধা দেওয়া এবং চারটি স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ছয়জন প্রার্থীকে মারধর এবং নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অবহেলার ৩৩টি ঘটনাও অন্তর্ভুক্ত রয়েছে।