পরাজিত বিএনপি প্রার্থীকে মিষ্টি মুখ করালেন আমির হামজা
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৯ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিজয়ী জামায়াত প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পরাজিত বিএনপি প্রার্থী জাকির হোসেন সরকার-এর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিতিতে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মুফতি আমির হামজা জাকির হোসেন সরকারকে মিষ্টি মুখ করান। তিনি বলেন, আগামী দিনে কুষ্টিয়ার উন্নয়নে পরাজিত প্রার্থীর সহযোগিতা কামনা করেন। পাশাপাশি সব ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে এলাকার উন্নয়নে একযোগে কাজ করতে চান।
এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি সূজা উদ্দিন জোয়ার্দার, শহর জামায়াতের আমির এনামুল হক সহ বিএনপি ও জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া-৩ আসনে জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৮০ হাজার ৬৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রকৌশলী জাকির হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯৩৯ ভোট। মোট ভোটকেন্দ্র ছিল ১৪২টি।
এ আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪০ হাজার ৮৪২, যার মধ্যে নারী ভোটার ২ লাখ ২৩ হাজার ৫৬৯ এবং পুরুষ ভোটার ২ লাখ ১৭ হাজার ২২৯।