ভোট দিতে গিয়ে জন্ম নিল কন্যা সন্তান, নাম রাখা হলো খালেদা জিয়া
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫০ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটকেন্দ্রে জন্ম নিল এক কন্যা সন্তান। শিশুটির নাম রাখা হয়েছে বেগম খালেদা জিয়া। পরে মা ও নবজাতককে দেখতে জেলা প্রশাসক সরেজমিনে উপহার নিয়ে হাজির হন। ঘটনাটি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নে ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ৬৬ নম্বর বেংনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে গেলে পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী আম্বিয়া বেগম কন্যাসন্তানকে জন্ম দেন। পরিবারটি বিএনপির সমর্থক হওয়ায় এবং বেগম খালেদা জিয়াকে ভালোবাসার কারণে নবজাতকের নাম রাখা হয় বেগম খালেদা জিয়া।
ঘটনার পর জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও তার নেতৃত্বে প্রশাসনের একটি দল পরিবারটিকে দেখতে যান। নবজাতকের জন্য পুষ্টিকর খাবার, ফলমূল, পোশাক ও নগদ অর্থ প্রদান করা হয়। শিশুর ডাকনাম রাখা হয়েছে ‘ত্রয়ী’, এবং একটি ইউনিক নম্বরসহ জন্মনিবন্ধন সম্পন্ন করা হয়।
শিশুটির মা আম্বিয়া বেগম বলেন, ভোট দিতে গিয়ে লাইনে দাঁড়ানোর সময় প্রসববেদনা শুরু হয়। অন্যান্য নারীরা তাকে শ্রেণিকক্ষে নিয়ে যান, সেখানেই তিনি কন্যাসন্তানের জন্ম দেন।
শিশুটির বাবা শরিফুল ইসলাম জানান, তারা আনন্দিত কারণ ভোটের সুষ্ঠু পরিবেশে তাঁর স্ত্রী নিরাপদে সন্তান জন্ম দিতে পেরেছেন।
জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, ভোটের দিন গর্ভবতী নারীও নিরাপদে ভোট দিতে পেরেছেন। জেলা প্রশাসন পরিবারটির পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবে।