ভোটে দাঁড়িপাল্লার এজেন্ট থাকায় মসজিদের ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৬ পিএম
চট্টগ্রামের নাঙ্গলকোট উপজেলার হেসাখাল এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করায় এক মসজিদের ইমামকে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থীর পক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট ছিলেন হাফেজ মো. আব্দুল আলিম ভূইয়া (৫৮)। তিনি হেসাখাল খামার পাড়া মজুমদার বাড়ি জামে মসজিদে প্রায় পাঁচ বছর ধরে ইমামতি করে আসছিলেন।
গত ১৩ ফেব্রুয়ারি শুক্রবার তাকে ইমামতির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে হেসাখাল বাজার ভোটকেন্দ্রের মহিলা বুথে এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
অভিযোগে বলা হয়, উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি ও স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম মজুমদার দলীয় প্রভাব খাটিয়ে তাকে চাকরিচ্যুত করেন। যদিও মসজিদ কমিটিতে তার আনুষ্ঠানিক কোনো পদ নেই বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।
এ ঘটনায় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোজাফফার হোসেন সেলিম ক্ষোভ প্রকাশ করে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন বলে জানা গেছে।
চাকরিচ্যুত ইমাম হাফেজ আব্দুল আলিম ভূইয়া বলেন, দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্টের দায়িত্ব পালন করায় তাকে বরখাস্ত করা হয়েছে। রমজান মাসে নতুন করে চাকরি পাওয়া কঠিন উল্লেখ করে তিনি বিষয়টির ন্যায়বিচার চান।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে জাহাঙ্গীর আলম মজুমদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
উপজেলা জামায়াতের নায়েবে আমির এস এম মহিউদ্দিন দাবি করেন, ইমামকে মসজিদে আসতে নিষেধ করা হয়েছে। তাকে সসম্মানে পুনর্বহাল করলে পরিবারটি উপকৃত হবে।
এদিকে কুমিল্লা-১০ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা ইয়াছিন আরাফাত বলেন, আলেম-ওলামাদের হয়রানি করা উচিত নয়।
ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা আলোচনার মাধ্যমে সমাধানের আশাবাদ ব্যক্ত করেছেন।