আমি সবার এমপি হয়ে থাকতে চাই, কারও প্রতি অন্যায় করা হবে না: আমির হামজা
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৫ পিএম
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেছেন, “আমরা আইনের ভিত্তিতেই বিচার করব, কারও প্রতি অন্যায় করা হবে না।” শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বারখাদা ত্রিমোহনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজের আগে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, দেশের রাজনৈতিক পরিবেশ দীর্ঘ সময় ধরে ক্ষমতার এককভাবে ব্যবহার ও অন্যায়ের সংস্কৃতির শিকার হয়েছে। “মানুষ এখন পরিবর্তন দেখতে চায় এবং নিজের ভোট ও মতের মূল্যায়ন প্রত্যাশা করে। ক্ষমতার আসল মালিক আল্লাহ, মানুষ দায়িত্ব সাময়িকভাবে পায়।” উদাহরণ হিসেবে নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনুসের কথা তুলে ধরেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভালো উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, “দেশের স্বার্থে যেকোনো ইতিবাচক কাজে আমরা আছি। ভালো কাজের প্রতিযোগিতা দেশের জন্য মঙ্গলজনক।”
জামায়াতে ইসলামীর নেতাদের সরকারি প্লট ও গাড়ি সুবিধা না নেওয়ার সিদ্ধান্তকে তিনি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন এবং অন্যদেরও সংযম প্রদর্শনের আহ্বান জানান।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী ও আল্লাহর সাক্ষী রেখে সংসদে ও সংসদের বাইরে কোনো অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না। মুফতি আমির হামজা দাবি করেছেন, ইসলামী ধারার ৭৯ জন সংসদ সদস্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং প্রয়োজনে কঠোর অবস্থান নেবেন, যাতে রাষ্ট্রীয় কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়।