নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হলেন সাত খুন মামলার আইনজীবী বিএনপি নেতা সাখাওয়াত
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৫ পিএম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাত খুন মামলার বাদীপক্ষের আইনজীবী ও মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান। ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই দায়িত্ব প্রদান করেছে।
৫৮ বছর বয়সী সাখাওয়াত হোসেন খান ছাত্রদলের মাধ্যমে রাজনীতির হাতেখড়ি লাভ করেন। পরবর্তী সময়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালের নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে তিনি পরাজিত হলেও স্থানীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন।
সাখাওয়াত হোসেন দেশের আলোচিত সাত খুন মামলার বাদীপক্ষের আইনজীবী হিসেবে বিচার প্রক্রিয়ায় সক্রিয় ছিলেন। তিনি দাবি করেন, ফ্যাসিস্ট সরকারের সময়ে তার বিরুদ্ধে রাজনৈতিক কারণে ৭২টি মামলা হয়েছিল, যার সবকটিতে অন্তর্বর্তী সরকারের সময়ে অব্যাহতি পেয়েছেন।
প্রশাসক হিসেবে নিয়োগের পর তিনি নারায়ণগঞ্জের উন্নয়নের প্রাথমিক পরিকল্পনা তুলে ধরেছেন। সেখানকার যানজট, ধুলাবালু, কিশোর গ্যাং নির্মূল, স্বাস্থ্যসেবা ও শিক্ষার মান উন্নয়ন, শীতলক্ষ্যা নদীর দুই পাড় সংযুক্তকরণসহ টেকসই ও মহাপরিকল্পিত কর্মসূচি গ্রহণের ইচ্ছা প্রকাশ করেছেন।
সাখাওয়াত হোসেন বলেন, “আমি দল-মত–ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করব। নারায়ণগঞ্জকে সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত করে একটি বাসযোগ্য নগরী উপহার দেওয়া আমার প্রধান লক্ষ্য।”