প্রকাশ্যে চুমু খাওয়ার অভিযোগে উগান্ডায় দুই তরুণী গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৩ পিএম
উগান্ডার পুলিশ প্রকাশ্যে একে অপরকে চুম্বন করার অভিযোগে দুই ২০ বছর বয়সী তরুণীকে গ্রেপ্তার করেছে। স্থানীয় সংবাদমাধ্যম ডেইলি মনিটর ও বার্তা সংস্থা এএফপি জানায়, প্রতিবেশীদের তথ্যের ভিত্তিতে পুলিশ ওই দুই তরুণীকে আটক করেছে।
পুলিশ মুখপাত্র জোসেফাইন আঙ্গুসিয়া জানিয়েছেন, প্রতিবেশীরা অভিযোগ করেছিলেন যে, তারা প্রকাশ্যে একে অপরকে চুম্বন করছিলেন এবং ঘটনার ছবি প্রমাণ হিসেবে পুলিশকে দিয়েছেন। অভিযোগে আরও বলা হয়েছে, ওই দুই তরুণীর ভাড়া বাসায় অনেক নারী যাতায়াত করতেন এবং রাত কাটাতেন, যা সমকামী সম্পর্কের ইঙ্গিত দেয়।
ঘটনার পর একটি মামলা দায়ের করা হয়েছে এবং তা বর্তমানে আদালতে পাঠানো হয়েছে পরবর্তী নির্দেশনার জন্য। উগান্ডার ২০২৩ সালের সমকামীবিরোধী আইনে পারস্পরিক সম্মতিতে সমলিঙ্গের সম্পর্কের জন্য সর্বোচ্চ শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ড এবং গুরুতর ক্ষেত্রে মৃত্যুদণ্ডের ব্যবস্থা রয়েছে।
দুজন তরুণী ১৮ ফেব্রুয়ারি থেকে আইনগত সহায়তা ছাড়া আটক রয়েছেন।