চালু হলো ঢাকা-আগরতলা-কলকাতা বাস সার্ভিস
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫১ পিএম
দেড় বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবারও চালু হলো ঢাকা-আগরতলা-কলকাতা সরাসরি আন্তর্জাতিক বাস পরিষেবা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা কমলাপুর বাস ডিপো থেকে পরীক্ষামূলকভাবে রয়েল মৈত্রীর একটি বাস আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে ত্রিপুরার আগরতলা প্রবেশ করে।
ঢাকা-আগরতলা-কলকাতা বাস সার্ভিসের জিএম ওয়ারিছ আলম ডিএস জানিয়েছেন, আপাতত সপ্তাহে দুই দিন পরীক্ষামূলকভাবে চলবে। পরিস্থিতি স্থিতিশীল হলে সপ্তাহে তিন দিন করে নিয়মিত সার্ভিস চালু হবে।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ও রাজ্যের পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, মৈত্রীর মাধ্যমে ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও মজবুত হচ্ছে। বাস পরিষেবা কেবল যাতায়াত নয়, দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ, সংস্কৃতি ও বাণিজ্যিক সম্পর্কের গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করছে।
আগরতলা থেকে ট্রেনে গুয়াহাটি হয়ে কলকাতায় পৌঁছাতে প্রায় দেড় হাজার কিলোমিটার পথ অতিক্রম করতে হয়, কিন্তু ঢাকা হয়ে বাসে যাত্রার দূরত্ব মাত্র ৫০০ কিলোমিটার। ২০২৪ সালের ৫ আগস্টের পর রাজনৈতিক অস্থিতিশীলতা ও ভিসা জটিলতার কারণে এই সার্ভিস বন্ধ ছিল। দেড় বছরের বেশি সময় পর এখন পরীক্ষামূলকভাবে বাস যাত্রা পুনরায় শুরু হলো।