কারাগার থেকে বের হওয়ার দেড় ঘণ্টার মধ্যে যুবককে কুপিয়ে হত্যা
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২১ পিএম
নারায়ণগঞ্জের ফতুল্লায় কারাগার থেকে জামিনে মুক্তির দেড় ঘণ্টার মধ্যে প্রতিপক্ষের হামলায় মো. ইমন (৩৯) নামে এক যুবক নিহত হয়েছেন।
ফতুল্লা মডেল থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে মাসদাইর গুদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইমন ওই এলাকার ওমর খৈয়ামের ছেলে। তিনি পেশায় বৈদ্যুতিক মিস্ত্রি ছিলেন।
নিহতের বাবা অভিযোগ করে জানান, একটি মাদক মামলায় তার ছেলে কারাগারে ছিলেন। সোমবার রাত সাড়ে ৭টার দিকে জামিনে মুক্তি পান তিনি। বাড়ির পথে আসার সময় মোবাইল ফোনে কল পেয়ে বাইরে যান। তার দাবি, ইমনের সঙ্গে কয়েকজনের পূর্ব দ্বন্দ্ব ছিল এবং তারা তাকে আগে র্যাবের হাতে ধরিয়ে দিয়েছিল। এবার পরিকল্পিতভাবে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
পরিবারের দাবি, হামলাকারীদের মধ্যে একজনও একই দিন জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
ওসি আব্দুল মান্নান বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুরোনো বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন এ হামলা চালিয়েছে। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।