বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ: ভাইয়ের পর সেই জামায়াত নেতার মৃত্যু

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৯:২৬ পিএম

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বাঁকা ইউনিয়ন জামায়াতের আমির মফিজুর রহমান। এর আগে একই ঘটনায় আহত হয়ে তার ভাই জামায়াতকর্মী হাফিজুর রহমান মারা যান। ভাইয়ের মৃত্যুর ১০ দিন পর তিনিও মৃত্যুবরণ করলেন।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ১২টার দিকে ঢাকার অরোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মফিজুর রহমানের মৃত্যু হয়।

পরে বিকেলে রাজধানীর কাকরাইলে জানাজার নামাজ শেষে তার মরদেহ চুয়াডাঙ্গার নিজ বাড়িতে নেওয়া হয়। জানাজায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, মাওলানা আবদুল হালিম, মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এবং চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিনসহ দলটির নেতাকর্মীরা।

এ সময় এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জামায়াতের দুই কর্মীর মৃত্যুর ঘটনা বিএনপির জন্য কলঙ্কজনক। তিনি দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে মামলার বিষয়ে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ না করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, এ ঘটনার সুষ্ঠু বিচার না হলে তার দায় বিএনপিকেই নিতে হবে। তারা আইন নিজের হাতে তুলে নিতে চান না, তবে জামায়াতকে দুর্বল মনে করা হলে তা বড় ভুল হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি রাতে জীবননগর উপজেলার হাসাদহ বাজারে পূর্ব বিরোধের জেরে বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হন।

আহতদের মধ্যে বাঁকা ইউনিয়ন জামায়াতের আমির মফিজুর রহমান এবং তার ভাই জামায়াতকর্মী হাফিজুর রহমান গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে যশোর সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে হাফিজুর রহমান মারা যান। আর টানা ১০ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার দুপুরে মারা যান মফিজুর রহমান।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970