বাগেরহাটে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ১৩ জনের মৃত্যু
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৮:১৯ পিএম
বাগেরহাটের রামপাল উপজেলায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও অন্তত তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকাল ৩টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে চারজনের মরদেহ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং নয়জনের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। আহতদেরও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেহেনাজ মোশাররফ জানান, সড়ক দুর্ঘটনায় নিহত নারী ও শিশুসহ আটজনের মরদেহ হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে তিনজন শিশু, তিনজন নারী এবং দুজন পুরুষ। পরে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি থাকা আরও একজন মারা যান। ফলে তাদের হাসপাতালে মোট নয়জনের মরদেহ রয়েছে।
অন্যদিকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে চারজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোংলা থেকে ছেড়ে আসা নৌবাহিনীর একটি বাস বেলাই ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোংলাগামী একটি যাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাফর আহমেদ জানান, নৌবাহিনীর যাত্রীবাহী বাসটি খুলনার দিকে যাচ্ছিল এবং মাইক্রোবাসটি মোংলার দিকে যাচ্ছিল। পথে বেলাই ব্রিজ এলাকায় মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে হতাহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চারজনের মৃত্যু হয়।