গ্রাফিক্স ডিজাইন শিখে ছাপাতেন জাল নোট, বাজারে ব্যবহার করতে গিয়ে ধরা

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৭:৩০ পিএম

ছবি: সংগৃহীত

গ্রাফিক্স ডিজাইন শিখে জাল নোট তৈরি এবং বাজারে তা ব্যবহার করার অভিযোগে মো. ফারুক আহম্মেদ ভূঁইয়া (৩৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের রানিরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ লাখ ২৫ হাজার টাকার জাল নোট এবং জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, রানিরহাট এলাকায় এক ব্যক্তি জাল টাকা দিয়ে কেনাকাটা করছেন- এমন অভিযোগে স্থানীয় লোকজন ফারুককে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে। শুক্রবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফেনী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে তিনি জানান, ফারুক দাগনভুঞা উপজেলার মুন্সীরহাট বাজারে ‘পিক অ্যান্ড পে’ নামের একটি দোকানে বসে জাল নোট তৈরি করতেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে দাগনভুঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে মোট ১ লাখ ২৫ হাজার ৩৬০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ সময় কম্পিউটার, প্রিন্টার, পেনড্রাইভসহ জাল নোট তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, ফারুক ঢাকার একটি কলেজ থেকে মার্কেটিং বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। চাকরি না পেয়ে পরে গ্রাফিক্স ডিজাইনের কোর্স করেন এবং একটি প্রিন্টিংয়ের দোকানে কাজ শুরু করেন। সেখানে কাজের ফাঁকে ইউটিউব ও বিভিন্ন ওয়েবসাইট থেকে জাল নোট তৈরির পদ্ধতি শিখে অল্প সময়ের মধ্যেই এ অবৈধ কাজে জড়িয়ে পড়েন।

ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মুহাম্মদ ফৌজুল আজীম জানান, ফারুকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম বলেন, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ফারুক বিপুল পরিমাণ জাল নোট তৈরি করে মজুত করেছিলেন। ঈদের বাজারে জাল টাকার বিস্তার রোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970