ছাত্রলীগ করায় অ্যাফিডেভিট করে ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৮:২৫ পিএম

ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে নিজের ছেলেকে অ্যাফিডেভিটের মাধ্যমে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন এক বাবা। ঘটনাটি ঘটেছে নেত্রকোনায়, যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

জানা গেছে, নেত্রকোনা শহরের সাতপাই এলাকার বাসিন্দা মীর মো. আব্দুল মালেক গত ৬ মার্চ নোটারি পাবলিক কার্যালয়ে একটি অ্যাফিডেভিটের মাধ্যমে তার ছেলে মীর মো. সাজেদুর রহমান ছোটনকে ত্যাজ্য ঘোষণা করেন। নেত্রকোনা জেলা জজ আদালতের আইনজীবী মো. আজিজুল হকের মাধ্যমে অ্যাফিডেভিটটি সম্পন্ন করা হয়।

পরিবার সূত্রে জানা যায়, সাজেদুর রহমান ছোটন কিশোর বয়স থেকেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। সর্বশেষ তিনি জেলা ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে তার পরিবারের অধিকাংশ সদস্য দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। রাজনৈতিক মতপার্থক্যের জেরে বেশ কিছুদিন ধরেই পরিবারের সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন চলছিল।

অ্যাফিডেভিটে আব্দুল মালেক উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করলেও তার ছেলে সেই সিদ্ধান্ত উপেক্ষা করে সংগঠনটির রাজনীতিতে সক্রিয় থাকেন। বিষয়টি জানার পর তিনি ছেলেকে বাড়ি থেকে বের করে দেন। পাশাপাশি ভবিষ্যতে কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়িত হলে তার দায়ভার তিনি নেবেন না বলেও স্পষ্টভাবে উল্লেখ করেন।

এ বিষয়ে আব্দুল মালেক বলেন, অনেক চেষ্টা করেও ছেলেকে ছাত্রলীগের রাজনীতি থেকে ফেরাতে পারেননি তিনি। তাই ছেলের মঙ্গলের কথা ভেবেই তাকে ত্যাজ্যপুত্র ঘোষণা করতে বাধ্য হয়েছেন।

অন্যদিকে সাজেদুর রহমান ছোটন দাবি করেন, পরিবারের অধিকাংশ সদস্য বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় প্রায় তিন বছর ধরেই তিনি পরিবার থেকে আলাদা হয়ে বসবাস করছেন। তিনি অভিযোগ করেন, ছাত্রলীগ করার কারণে গত আগস্টে তার বাবা তাকে হত্যার হুমকিও দিয়েছিলেন। তবে পারিবারিক সম্পর্ক ছিন্ন হলেও তিনি তার রাজনৈতিক আদর্শ থেকে সরে দাঁড়াবেন না বলে জানিয়েছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970